তারকাখ্যাতির নেশায় আসক্ত ছিলাম: সামান্থা

ছবি- সংগৃহীত জনপ্রিয় শীর্ষ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় শীর্ষ অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নতুন সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’ মুক্তি পেতে যাচ্ছে। বর্তমানে এই সিনেমার জোর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন, তারকাখ্যাতি এবং অসুস্থতার কারণে নেওয়া বিরতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে সামান্থা জানান, ভারতের ছোট্ট একটি শহর থেকে উঠে আসা একজন মেয়ে হিসেবে হঠাৎ এই বিপুল তারকাখ্যাতি ও জনপ্রিয়তা তার কাছে ভীষণ বিস্ময়কর ছিল। ক্যারিয়ারের শুরুর চমৎকার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, "তারকাখ্যাতির খেলায় আমি আসক্ত হয়ে পড়েছিলাম।" এক বছরে টানা পাঁচটি ছবিতে অভিনয় এবং সব কটি সফল হওয়ায় তখন অনেকেই তাকে “গোল্ডেন লেগ” বলে অভিহিত করতেন। সেই সময়ে তিনি মনে করতেন, দর্শকদের এই আকাশচুম্বী প্রত্যাশা তাকে যেকোনো মূল্যে পূরণ করতেই হবে।

তবে ২০২২ সালের অক্টোবরে সামান্থা জানান যে তিনি 'মায়োসাইটিস' নামের একটি জটিল রোগে আক্রান্ত হয়েছেন। সুস্থ হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগায় কাজ থেকে বাধ্য হয়ে কিছুটা বিরতি নেন তিনি। সামান্থা জানান, এই বিরতিই তার জীবনদৃষ্টি ও চিন্তাভাবনায় অনেক বড় পরিবর্তন এনেছে। তিনি বুঝতে পেরেছেন যে অভিনয়জীবনেরও একটা শেষ আছে। তাই অভিনয়ে ফেরার পর নিজের পুরোনো অভ্যাস ও কাজের ধারা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার নতুন ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’ পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি এবং চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু ও বসন্ত মারিঙ্গান্তি। প্রথমে ১৪ মে মুক্তির পরিকল্পনা থাকলেও পোস্ট-প্রোডাকশন ও প্রচারণার কারণে ছবিটির মুক্তি কিছুটা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







