সম্পর্কের ইতি টানলেন ম্রুণাল-ধনুশ

ছবিঃ সংগৃহীত ম্রুণাল-ধনুশ
বিগত কয়েক মাস ধরে বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল দক্ষিণী তারকা ধনুশ এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে। নিজেদের সম্পর্কের কথা সরাসরি স্বীকার না করলেও তাদের ঘিরে জল্পনার অন্ত ছিল না। তবে এবার শোনা যাচ্ছে, অঙ্কুরেই বিনষ্ট হয়েছে সেই প্রেম। সম্পর্কের ইতি টেনে সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন ম্রুণাল ও ধনুশ, তবে ঠিক কী কারণে এই ব্রেকআপ হলো তা এখনও স্পষ্ট নয়।
২০২৫ সালের আগস্টে ম্রুণালের ‘সন অফ সর্দার ২’ ছবির প্রিমিয়ার এবং ধনুশের ‘তেরে ইশক মে’ ছবির র্যাপ-আপ পার্টিতে দুজনকে একসঙ্গে দেখার পর এই প্রেমের জল্পনা শুরু হয়। এরপর ধনুশের দুই বোনকে ম্রুণালের ইনস্টাগ্রামে ফলো করার বিষয়টি সেই জল্পনার আগুনে ঘি ঢালে। পরবর্তীতে ঘনিষ্ঠ সূত্র তাদের সম্পর্কের সত্যতা নিশ্চিত করলেও ম্রুণাল ধনুশকে কেবলই ‘ভালো বন্ধু’ বলে দাবি করেছিলেন। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের এআই (AI) নির্মিত বিয়ের ছবি ভাইরাল হলে, বিয়ের খবরটি স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়।

এর কয়েক মাসের মাথায় এবার ছড়ালো তাদের পথ আলাদা হওয়ার খবর। উল্লেখ্য, ধনুশ এর আগে মেগাস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৮ বছরের বৈবাহিক জীবনের পর ২০২২ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের সংসারে যাত্রা ও লিঙ্গ নামে দুটি সন্তান রয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









