ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে আহত ৫ মার্কিন সেনা

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা । সংগৃহীত
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ কুয়েতের একটি মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হানলে পাঁচজন মার্কিন সেনাসদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন।
একই ঘটনায় ধ্বংস হয়েছে একটি এমকিউ-৯ রিপার ড্রোন এবং গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি ড্রোন।
বার্তা সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সংঘর্ষের সময় ইরানের ছোড়া একটি ফাতেহ-১১০ ক্ষেপণাস্ত্র কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করলেও এর ধ্বংসাবশেষ আলি আল সালেম বিমানঘাঁটিতে পড়ে। এতে কয়েকজন মার্কিন কর্মী সামান্য আহত হওয়ার পাশাপাশি ঘাঁটির কিছু অবকাঠামোরও ক্ষতি হয়।
এর আগে মার্কিন বাহিনী হরমুজ প্রণালির আশপাশে পাঁচটি ইরানি কামিকাজে ড্রোন ধ্বংস এবং বান্দার আব্বাসের কাছে একটি সামরিক স্থাপনায় হামলার কথা জানায়। জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি করে।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন বহর বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ইতোমধ্যে প্রায় ৩০টি ড্রোন হারিয়েছে মার্কিন বাহিনী, যার আনুমানিক মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার। ফলে নজরদারি ও নির্ভুল হামলায় ব্যবহৃত এই ড্রোনের সংখ্যা বিমানবাহিনীর নির্ধারিত ন্যূনতম সক্ষমতার অনেক নিচে নেমে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘাটতি দ্রুত পূরণ করাও কঠিন হতে পারে। কারণ এমকিউ-৯ রিপার ড্রোনের প্রধান মডেলের উৎপাদন ইতোমধ্যে বন্ধ করেছে নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটোমিক্স।
সূত্র: আরটি
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









