মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

নৌবহরকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা । সংগৃহীত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহর বা ‘ফিফথ ফ্লিট’কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একই সঙ্গে জর্ডানে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি বিমানঘাঁটিতেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে এবং সংঘাত এখনো চলমান রয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক, সিরিক ও কেশম দ্বীপের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এতে সিরিকের বেমানি এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।
জর্ডানের বিমানঘাঁটিতে হামলার বিষয়ে আইআরজিসি বলেছে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। এর মধ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার রয়েছে বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বিমান ও নৌঘাঁটির ২১টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। পাশাপাশি ইরানের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি।
এদিকে কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতের সেনাবাহিনী নাগরিকদের সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব এড়িয়ে শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহের অনুরোধ করা হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








