ইরানে পরিকল্পিত মার্কিন বিমান হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা কমে আসায় বৈশ্বিক জ্বালানি বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১২ জুন) গ্রিনিচ মান সময় ১২টা ৪২ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলারে। সাপ্তাহিক হিসাবেও দুই ধরনের তেলের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে; যেখানে ব্রেন্টের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

এর আগে ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হবে বলে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ায় তিনি শেষ মুহূর্তে নির্ধারিত বিমান হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। এই কূটনৈতিক সমঝোতার আভাসে স্বস্তি ফিরেছে আন্তর্জাতিক বাজারে।

প্রাইমটিভি/বিএম