মাসের শুরুতে বেতন হাতে পেলেই মনে হয়—‘এই মাসে কিছু টাকা অবশ্যই জমাতে পারব।’ কিন্তু মাস শেষ হতে না হতেই দেখা যায়, হিসাব মিলছে না। বাসা ভাড়া, বাজার, বিদ্যুৎ বিল, সন্তানের পড়াশোনা, যাতায়াতসহ নিত্যপ্রয়োজনীয় খরচের পর হাতে আর কিছুই থাকে না।

ফলে অনেকেই হতাশ হয়ে বলেন,‘আমাকে দিয়ে আর সঞ্চয় হবে না!’

তবে অর্থ বিশেষজ্ঞরা বলছেন, সঞ্চয় শুধু বেশি আয়ের মানুষের জন্য নয়। বরং কিছু ছোট কিন্তু কার্যকর অভ্যাস গড়ে তুলতে পারলে সীমিত আয়েও মাসে মাসে ভালো পরিমাণ অর্থ জমানো সম্ভব।

১. আগে বুঝুন টাকা কোথায় যাচ্ছে

সঞ্চয়ের প্রথম ধাপ হলো নিজের খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। এক মাস ধরে প্রতিদিনের খরচ লিখে রাখুন। মোবাইল রিচার্জ, চা-নাশতা, রিকশা ভাড়া, অনলাইন শপিং—সবকিছু হিসাব করুন।

অনেকেই পরে অবাক হয়ে দেখেন, ছোট ছোট খরচ মিলিয়েই মাসে কয়েক হাজার টাকা বেরিয়ে যাচ্ছে।

২. বেতন পেলেই সঞ্চয়ের টাকা আলাদা করুন

অনেকের ধারণা, মাস শেষে যা বাঁচবে সেটাই সঞ্চয় করবেন। বাস্তবে মাস শেষে খুব কমই টাকা অবশিষ্ট থাকে।

তাই বেতন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ১০ শতাংশ, সম্ভব হলে ২০ শতাংশ টাকা আলাদা অ্যাকাউন্টে বা সঞ্চয় স্কিমে রেখে দিন। এতে সঞ্চয় করাটা বাধ্যতামূলক অভ্যাসে পরিণত হবে।

৩. হুটহাট কেনাকাটা বন্ধ করুন

অনলাইনে আকর্ষণীয় কোনো পণ্য দেখেই কিনে ফেলার অভ্যাস অনেকের রয়েছে। কিন্তু পরে দেখা যায়, জিনিসটি আসলে প্রয়োজনীয় ছিল না।

কোনো বড় কেনাকাটার আগে অন্তত ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। বেশিরভাগ ক্ষেত্রেই তখন অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখা সম্ভব হয়।

৪. বিদ্যুৎ ও পানির অপচয় কমান

অপ্রয়োজনীয় লাইট-ফ্যান বন্ধ রাখা, ব্যবহার শেষে চার্জার খুলে রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করলে মাসিক বিল উল্লেখযোগ্যভাবে কমানো যায়।

ছোট এই অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে বড় সাশ্রয় এনে দিতে পারে।

৫. বাইরে খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করুন

সপ্তাহে কয়েকবার রেস্টুরেন্টে খাওয়া বা নিয়মিত ফুড ডেলিভারি অর্ডার করা বাজেটের ওপর বড় চাপ সৃষ্টি করে।

ঘরের খাবার শুধু কম খরচের নয়, স্বাস্থ্যকরও। তাই বাইরে খাওয়া সীমিত রাখাই ভালো।

৬. বাজারে যাওয়ার আগে তালিকা তৈরি করুন

অনেক সময় ‘অফার’ বা ‘ডিসকাউন্ট’ দেখে প্রয়োজন নেই এমন জিনিসও কিনে ফেলি।

বাজারে যাওয়ার আগে প্রয়োজনীয় পণ্যের তালিকা তৈরি করুন এবং তালিকার বাইরে কেনাকাটা করার আগে নিজেকে প্রশ্ন করুন—এটি কি সত্যিই দরকার?

৭. অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন

ওটিটি প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, ব্যাংকিং সেবা কিংবা অন্যান্য ডিজিটাল সাবস্ক্রিপশনে মাসে কয়েকশ টাকা করে খরচ হয়।

যেগুলো নিয়মিত ব্যবহার করেন না, সেগুলো বন্ধ করে দিলে বছরের শেষে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় হবে।

৮. বাড়তি আয়ের সুযোগ খুঁজুন

শুধু খরচ কমালেই হবে না, আয় বাড়ানোর দিকেও নজর দিতে হবে।

অনলাইন ফ্রিল্যান্সিং, টিউশনি, হোমমেড খাবার বিক্রি কিংবা ছোটখাটো ব্যবসার মাধ্যমে অতিরিক্ত আয় করা সম্ভব। অনেকেই শখের কাজ থেকেই এখন নিয়মিত বাড়তি আয় করছেন।

৯. ব্যবহার না করা জিনিস বিক্রি করুন

বাড়িতে পড়ে থাকা পুরোনো আসবাব, ইলেকট্রনিকস বা অন্যান্য ব্যবহারযোগ্য জিনিস অনলাইনে বিক্রি করে অতিরিক্ত অর্থ আয় করা যায়।

এতে ঘরও গোছানো থাকে, আবার কিছু টাকা সঞ্চয়েও যোগ হয়।

সঞ্চয়কে বানান দৈনন্দিন অভ্যাস

সঞ্চয় রাতারাতি বড় হয় না। প্রতি মাসে অল্প অল্প করে জমতে জমতেই একসময় বড় তহবিল তৈরি হয়।

আজ হয়তো এক হাজার টাকা জমাতে পারছেন, কয়েক মাস পর সেটি আরও বাড়বে। গুরুত্বপূর্ণ হলো নিয়মিততা বজায় রাখা।

মনে রাখবেন

সঞ্চয়ের জন্য বড় আয় নয়, প্রয়োজন সচেতনতা ও ভালো অভ্যাস। খরচে নিয়ন্ত্রণ, পরিকল্পিত বাজেট এবং নিয়মিত সঞ্চয়—এই তিনটি বিষয়ই আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করবে।

কারণ মাস শেষে আপনি কত আয় করেছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো— কতটা জমাতে পেরেছেন।

সূত্র: দ্যা ডেইলি স্টার, বিজনেস ইনসাইডার, উইকিহাউ, মাই মানি

প্রাইমটিভি/কেআর