চিকিৎসাবিষয়ক সাময়িকী Cancer Research Communications-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যারা কখনও বিয়ে করেননি, তাদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার হার তুলনামূলকভাবে বেশি। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মায়ামি মিলার স্কুল অব মেডিসিনের গবেষকেরা প্রায় ১০ কোটি মানুষের আট বছরের তথ্যভান্ডার থেকে ৪০ লাখ ক্যানসার রোগীর উপাত্ত বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছেন।

গবেষণায় দেখা গেছে, অবিবাহিত নারীদের জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি বিবাহিত নারীদের তুলনায় প্রায় তিনগুণ বেশি। সামগ্রিকভাবে, বিবাহিতদের তুলনায় অবিবাহিত পুরুষদের ক্যানসারের ঝুঁকি প্রায় ৭০ শতাংশ এবং অবিবাহিত নারীদের ঝুঁকি প্রায় ৮৫ শতাংশ বেশি।

তবে গবেষকেরা জোর দিয়ে বলেছেন, ক্যানসার এড়াতে বিয়ে করাই একমাত্র উপায় নয়। এর পেছনে মূল কারণ হলো জীবনযাপনের ধরন। অনেক অবিবাহিত ব্যক্তি একাকিত্বের কারণে ধূমপান, অ্যালকোহল সেবন বা অনিয়মিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েন, যা ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, বিবাহিত ব্যক্তিরা জীবনসঙ্গীর উৎসাহে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং, পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার সুযোগ পান। বিশেষজ্ঞরা মনে করেন, শুধু বৈবাহিক সম্পর্কই নয়, বরং শক্তিশালী সামাজিক যোগাযোগ, পারিবারিক সমর্থন এবং ইতিবাচক পরিবেশই একজন মানুষের সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় মূল ভূমিকা পালন করে।