প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি প্রতিরোধ ও দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করার নির্দেশনাও দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি সরকারি সেবা প্রদান ব্যবস্থাকে আরও সময়োপযোগী, দক্ষ ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এবং সরকারি সেবা যেন হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে কঠোর তদারকি অব্যাহত রাখতে হবে।

প্রাইমটিভি/এনজি