কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

বুধবার (১০ জুন) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলাকারীরা পুলিশের টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালালে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং পুলিশি গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তের ভিত্তিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

প্রাইমটিভি/এনজি