শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সরকারের মন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাতলী খাল শুধু একটি জলপথ নয়, এটি দেশের উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের একটি ঐতিহাসিক স্মারক। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে এই খাল খনন কার্যক্রমের সূচনা করেছিলেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় চার দশক পর একই স্থানে দাঁড়িয়ে তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

এর আগে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে তিনি সরাসরি পিএমখালী এলাকায় যান এবং পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

স্থানীয়দের আশা, খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

প্রাইমটিভি/কেআর