জনগণের সেবাই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি- সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের সব কার্যক্রমের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। নতুন বাজেটে দেশের প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রকৃত মালিক জনগণ। কোনো পরিবার বা রাজনৈতিক দল দেশের মালিক নয়। জনগণের স্বস্তি ও কল্যাণ নিশ্চিত করতে যে বাজেট প্রণয়ন করা হয়েছে, তার বিরোধিতা করে কেউ জনগণের বন্ধু দাবি করতে পারে না।”
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অতীতের মতোই দেশ গঠনে কাজ করে যাচ্ছে। তবে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার কারণে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। জনগণের ভোট ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
তারেক রহমান বলেন, “দেশই বিএনপির প্রথম ও শেষ ঠিকানা। জনগণের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভোটের দাগ শুকানোর আগেই সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে।”
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, নতুন বাজেটে স্বাস্থ্যসেবা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের প্রতিটি পরিবারের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে পারেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণত বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে দেখা যায়। তবে বর্তমান সরকারের বাজেট ঘোষণার পর বাজারে তেমন কোনো মূল্যবৃদ্ধি হয়নি বলে তিনি দাবি করেন।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, “যে বাজেটে জনগণের করের বোঝা কমানো হয়েছে এবং জনস্বার্থে কিছু পণ্যের মূল্য সমন্বয় করা হয়েছে, সেই বাজেটও বিরোধী দল প্রত্যাখ্যান করছে। এতে তাদের উদ্দেশ্য সম্পর্কে জনগণ স্পষ্ট ধারণা পাচ্ছে।”
এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







