খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন বিভাগের মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নামাজ চলাকালে কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।

গুলিতে লোকমান হাকিমের মাথায় আঘাত লাগে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ ও ডান হাতে গুলি লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইমটিভি/এনজি