ব্যারিস্টার পার্থকে সভাপতি করে সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত

ছবি- সংগৃহীত
ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে সভাপতি করে জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
চিফ হুইপ নুরুল ইসলাম মণি (বরগুনা-২) রোববার (১৪ জুন) কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), জামায়াতে ইসলামীর মো. নাজিবুর রহমান (পাবনা-১) ও আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন (রংপুর-৪)।
পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।
একই দিন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সভাপতি করে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
দুটি কমিটিতেই সদস্য হিসেবে বিরোধী দল জামায়াতে ইসলামীর দুজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন করে সংসদ সদস্য রয়েছেন। অন্য সদস্যরা ক্ষমতাসীন দল বিএনপির।
এর আগে ১০ জুন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল। এ নিয়ে চলতি সংসদে তিনটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হলো।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





