বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; বিএমএসএফের উদ্বেগ প্রকাশ

বিএমএসএফ । প্রাইম টিভি
বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের নামে তিনটি ইউনিয়ন পরিষদের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সঠিক প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত এবং কোনো সাংবাদিক যেন অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, প্রতিমন্ত্রীর পরিবারের নামে মীরা বাড়ি ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন পরিষদের নামকরণের বিষয়টি প্রকাশ্য তথ্য। এ বিষয়ে সংবাদ প্রকাশ করে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলা দায়েরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিমন্ত্রীর পক্ষে মামলার বাদী হয়েছেন একজন সাংবাদিক ও বগুড়া প্রেস ক্লাবের একজন কর্মকর্তা। বিষয়টি সাংবাদিক সমাজে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





