সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

ছবি- সংগৃহীত ঝড়ের আভাস
দেশের আটটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে বজ্রসহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আটটি অঞ্চল ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এনে উক্ত অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে সংস্থাটি। নদীপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে সাবধানে এবং আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







