পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মুসফিকুর রহমান শান্ত (১৯), মো. শাকিল খান (৩৯), মো. বাইজিদ গাজী (২৮) এবং মো. জাকারিয়া (৩০)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকেরা পার্শ্ববর্তী চম্পাপুর ও বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশের একটি চৌকস দল পশ্চিম ধানখালী গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই চার যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও থানা সূত্রে জানা গেছে।

প্রাইমটিভি/বিএম