দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে: জামায়াত আমির

ছবি- সংগৃহীত
দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দিয়ে রাষ্ট্রীয় কাঠামোকে একদলীয় নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টা চলছে।
শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, যোগ্য ব্যক্তিদের সরিয়ে দলীয় অনুগতদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে।
তিনি বলেন, “বাংলাদেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। অতীতে একদলীয় শাসনের উদ্যোগ দেশের মানুষ গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না।”
বিরোধী রাজনীতির প্রতি অসহিষ্ণুতার সমালোচনা করে জামায়াত আমির বলেন, সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার রাজনৈতিক সংস্কৃতি দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বড় বাজেট দেওয়া সরকারের দায়িত্ব হলেও এর সুষ্ঠু বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোর মতো দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের সুযোগ যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধান না হলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। তাদের আত্মত্যাগের কারণেই দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়ে অতীতের রাজনৈতিক সংগ্রামে তাদের ভূমিকারও প্রশংসা করেন।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









