ফিফা বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। তবে ম্যাচের ফলের চেয়ে ম্যাচ-পরবর্তী সময়ে বেশি আলোচনায় এসেছে আর্জেন্টাইন অধিনায়কের একটি ট্যাকল এবং তা ঘিরে তৈরি হওয়া বিতর্ক।

বুধবার অনুষ্ঠিত ম্যাচে ৩৮ বছর বয়সী মেসি নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করেন তিনি। কিন্তু ম্যাচের এক পর্যায়ে আলজেরিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্দির ওপর করা একটি ট্যাকল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ফুটবল বিশ্লেষক ও সমর্থক।

মান্দির অভিযোগ, ট্যাকলটি বিপজ্জনক ছিল এবং অন্তত হলুদ কার্ড পাওয়ার মতো অপরাধ হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ঘটনাটি পর্যালোচনা করার পরও মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে মান্দি লেখেন, “গত রাতে যদি আমার গোড়ালি ভেঙেও যেত, তবু যে খেলোয়াড় এটা করেছে সে কোনো কার্ড পেত না। রেফারিদের আরও ভালো হতে হবে। পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে।”

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক সমর্থক ও বিশ্লেষক মনে করছেন, মেসির ট্যাকলটি শাস্তিযোগ্য ছিল। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের দাবি, এটি ছিল স্বাভাবিক খেলার অংশ এবং রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

তবে বিতর্ক সত্ত্বেও মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। তার হ্যাটট্রিকেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে এবং টুর্নামেন্টে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্যকে শক্তিশালী বার্তা দিয়েছে।

প্রাইমটিভি/কেআর