কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

ছবি: সংগৃহীত- ডুয়েটের নতুন ভিসি
শিক্ষার্থীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ উপেক্ষা করে অবশেষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শূন্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। নিয়োগ পাওয়ার আট দিনের মাথায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে তিনি নিজ কার্যালয়ে প্রবেশ করেন।
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া জানান, ভিসি ক্যাম্পাসের শহীদ আবু সাঈদ ভবনে অবস্থিত তার কার্যালয়ে গিয়ে নিজ চেয়ারে বসেন। এ সময় উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠক করেন ভিসি। বৈঠক শেষে শিক্ষক ও কর্মচারীরাই তাকে পাহারা দিয়ে ক্যাম্পাসে নিয়ে যান।
এর আগে ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে আন্দোলন শুরু হয়। টানা ছয় দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও ভাঙচুরের পর গত মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ বা পুরোপুরি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। এর ফলে মঙ্গলবার রাত ও বুধবার সকালের মধ্যেই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে যায় এবং পুরো বিশ্ববিদ্যালয় ছাত্রশূন্য হয়ে পড়ে।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসি প্রত্যাহারসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। তবে সংকট নিরসনে নবনিযুক্ত ভিসি ইতিমধ্যেই আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে একাধিকবার বৈঠক করেছেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









