মশাবাহিত রোগ ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় মৌসুম শুরুর আগেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় এবং চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক’ এক উচ্চপর্যায়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি ল্যাব, বেসরকারি হাসপাতাল, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ডেঙ্গুর সময় চিকিৎসা সংকট এড়াতে দেশের সব বেসরকারি হাসপাতালে মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে টেস্ট ফিতে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে।

তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকেরা কোনো কনসালটেন্সি বা পরামর্শ ফি নিতে পারবেন না। রোগীদের কেবল প্রয়োজনীয় ওষুধ ও খাবারের খরচ বহন করতে হবে।

চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী সতর্ক করে বলেন, ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে নির্ধারিত চিকিৎসা নির্দেশিকার বাইরে কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না। এতে রোগীর স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

ডেঙ্গু ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে এখনো কোনো ডেঙ্গু টিকা সার্বজনীন বা চূড়ান্ত স্বীকৃতি পায়নি। তাই আপাতত দেশে ডেঙ্গু টিকাদান কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়ে সরকার এবার আগাম প্রস্তুতির ওপর জোর দিয়েছে। নির্দেশনাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহজ হবে এবং চিকিৎসা ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রাইমটিভি/এনজি