হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গে মৃত্যু। সংগৃহীত
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৫ শিশু, যার মধ্যে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১১ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯০ জন নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে।
এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৭৪ হাজার ৫৭২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৬০ হাজার ১৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৫ হাজার ৯৪২ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আক্রান্ত এলাকার ওপর বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









