দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া ৯১ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ শিশু। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা ৬১০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৪৩ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকাদান এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে রোগটির বিস্তার ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

চলমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/কেআর