হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃ'ত্যু

ছবি- সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে, আর বাকি ৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মারা গেছেন ৯২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৫৩৬ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট সাতজনের মৃত্যু হয়েছে।
এদিকে একই সময়ে দেশে নতুন করে ৯৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে ৮০ হাজার ১০৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









