জাপানের মিতসুই অ্যান্ড কোং প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

মিতসুই অ্যান্ড কোং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
আজ বুধবার (৩ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, লজিস্টিকস এবং খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
মিতসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান। বৈশ্বিক পর্যায়ে প্রতিষ্ঠানটি লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মোঃ খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মিতসুই প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো, এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









