সেরা করদাতা পুরস্কার পাবেন ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রাইম টিভি
কর প্রদানে উৎসাহ বৃদ্ধি এবং করদাতাদের সামাজিক স্বীকৃতি দিতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই নীতিমালার আওতায় বিভিন্ন খাতের মোট ৬৭ জন করদাতাকে ‘সেরা করদাতা’ হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম ও রাষ্ট্রীয় সেবা পরিচালনায় করদাতাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’-এর আওতায় ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিভিন্ন অর্থনৈতিক খাতের করদাতাদের মধ্য থেকে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে সেরা করদাতা নির্বাচন করা হবে। নির্বাচিতদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে।
অর্থমন্ত্রী বলেন, নতুন নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারী ২২ জনসহ মোট ৬৭ জন করদাতাকে ‘সেরা করদাতা’ পুরস্কারে ভূষিত করা হবে।
সরকারের আশা, এ উদ্যোগের মাধ্যমে কর প্রদানের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং ব্যক্তি ও ব্যবসায়ী পর্যায়ে কর পরিশোধে ইতিবাচক মনোভাব তৈরি হবে। একই সঙ্গে জাতীয় রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাজেটে করদাতাবান্ধব বিভিন্ন উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি আয়কর সংস্কারের অংশ হিসেবে পাঁচ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণার কথাও উল্লেখ করা হয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









