জুলাই শহীদ পরিবার পাবে মাসে ২০ হাজার টাকা

প্রাইম টিভি কোলাজ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা এবং আহতদের জন্য ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত মাসিক ভাতা আগামী ২০২৬-২৭ অর্থবছরেও অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেট সূত্রে জানা গেছে, শহীদ পরিবারের সদস্যরা প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। এছাড়া আহতদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির জন্য ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতা চালু থাকবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারে ২০২৬-২৭ অর্থবছরে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা। ফলে নতুন অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
বিকাল ৩টায় জাতীয় সংসদে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট হিসেবে সংসদে উত্থাপিত হচ্ছে।
সরকারের পক্ষ থেকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যার অংশ হিসেবে শহীদ পরিবার ও আহতদের জন্য বিদ্যমান ভাতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









