বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দিলেন নতুন সচিব আতাউর রহমান খান

ছবি- সংগৃহীত
নবনিযুক্ত বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান তার কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে উপস্থিত হলে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় মন্ত্রী নবনিযুক্ত সচিবকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত পরিচয়পর্বে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপ-সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৫ মে আতাউর রহমান খানকে বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে কিছু সময় তিনি পদে যোগ দিতে পারেননি। তিনি ইকোনমিক ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
এর আগে গত ১৭ এপ্রিল বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুর পর থেকে মন্ত্রণালয়ে সচিবের চলতি দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত সচিব আবদুর রহিম খান। পরে তাকে ১ জুন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হলেও তিনি বাণিজ্য মন্ত্রণালয়েই দায়িত্ব পালন করেন।
নতুন সচিবের যোগদানকে কেন্দ্র করে মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
পরিচয়পর্বে বাণিজ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং মেধাবী কর্মকর্তাদের দক্ষতা বিকাশে সহায়ক পরিবেশ বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, নবনিযুক্ত সচিবের অভিজ্ঞতা ও দক্ষতা বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল ও ফলাফলমুখী করবে বলে তিনি আশাবাদী।
নবনিযুক্ত বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, আগামী অর্থবছরের পরিকল্পনা এবং পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, চলমান চুক্তি, নীতি ও আন্তর্জাতিক ট্রিটিসমূহ দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জন সম্ভব হবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








