সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

ছবি- সংগৃহীত
চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি জানান, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে কার্যক্রম শুরু হতে পারে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল বলেন, “স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চলতি জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, নতুন অর্থবছর শুরু হলে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করবে।
নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রস্তুতি ও অর্থায়ন নিশ্চিত করা গেলে আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকার ব্যবস্থার সব স্তরের নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







