এ বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় না বাড়ে। এমন একটি বাজেটকে গণবিরোধী বলা হলে তা জনগণের স্বার্থের বিরোধী অবস্থান বলেই প্রতীয়মান হয়।

তিনি দাবি করেন, সরকার জনগণের কথা বিবেচনা করেই বাজেটে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর ও শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা মিলবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা সংসদের ভেতরে কিংবা বাইরে যেখানেই থাকুক না কেন, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন ব্যাহত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী এক বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছেও ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে জনগণের ঐক্যবদ্ধ থাকা জরুরি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি দাবি করেন, দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবারই জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়েছে। ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রাইমটিভি/এনজি