মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে তিনটি লরির ভয়াবহ সংঘর্ষে এক বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুন) ভোরে কুলাই এলাকার কাছে মহাসড়কের দক্ষিণমুখী রুটের ৪৯ দশমিক ৪ কিলোমিটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে একজন ৫৬ বছর বয়সী বাংলাদেশি লরি হেলপার এবং অন্যজন ৪৩ বছর বয়সী মালয়েশিয়ান লরি চালক।

কুলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানান, দুর্ঘটনার সময় ওই দুই ব্যক্তি রাস্তার বাম পাশের লেনে একটি লরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।

এ সময় একই দিক থেকে আসা আরেকটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের লরিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাংলাদেশি হেলপার ও মালয়েশিয়ান চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় ধাক্কা দেওয়া লরির চালক ও তার সহকারী আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে থাকা তৃতীয় লরির চালক অক্ষত রয়েছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত শুরু করেছে মালয়েশিয়ান পুলিশ।

প্রাইমটিভি/এনজি