অর্থনৈতিক মন্দার প্রভাবে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে রপ্তানি আয় নেমে এসেছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কম।

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে এই পতনকে আশঙ্কাজনক হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালের প্রথম তিন মাসে ইইউতে বাংলাদেশ থেকে ৫ হাজার ৬৮৭ মিলিয়ন ইউরো মূল্যের পোশাক রপ্তানি হয়েছিল। কিন্তু চলতি বছরে সেই আয় কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে।

ইউরোস্ট্যাটের তথ্য বলছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউরোপের মোট পোশাক আমদানিও ১১ দশমিক ৬২ শতাংশ কমেছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি পতন সবচেয়ে বেশি।

একই সময়ে চীনের পোশাক রপ্তানি ৮ শতাংশ, ভারতের ১০ শতাংশ এবং পাকিস্তানের ১৭ শতাংশ কমেছে। অন্যদিকে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের রপ্তানি কমেছে তুলনামূলকভাবে কম—মাত্র ২ শতাংশ।

প্রাইমটিভি/এমএইচ