২০২৬ ফুটবল বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো না হলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেয়েছে ব্রাজিল। ফিফার হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে ডিআর কঙ্গোর বিপক্ষে পয়েন্ট হারানোয় পর্তুগাল এক ধাপ পিছিয়ে গেলে সেই সুযোগে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয় ব্রাজিলের। একই সঙ্গে মরক্কোও এক ধাপ এগিয়ে উঠে এসেছে ছয় নম্বরে।

বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বেশ কয়েকটি দলের অবস্থানে পরিবর্তন এসেছে। তবে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৮৮৯.০৬ পয়েন্ট নিয়ে লিওনেল মেসির দল এখনও সবার ওপরে অবস্থান করছে।

সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ফ্রান্স এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তারা আর্জেন্টিনার চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে ১-১ গোলে ড্র করায় স্পেন এক ধাপ নেমে তৃতীয় স্থানে অবস্থান করছে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ইংল্যান্ড চতুর্থ এবং নেদারল্যান্ডস অষ্টম স্থান ধরে রেখেছে। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, আর বেলজিয়াম নেমে গেছে দশম স্থানে।

এদিকে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়া ১১তম স্থানে উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে মেক্সিকো জায়গা করে নিয়েছে ১৩ নম্বরে। ইংল্যান্ডের কাছে হেরে ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে এখন ১৪তম স্থানে রয়েছে।

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র উঠে এসেছে ১৫ নম্বরে। জাপানও এক ধাপ উন্নতি করে এখন ১৭তম স্থানে অবস্থান করছে। অন্যদিকে ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে পৌঁছেছে ৪৩ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে এই উন্নতি ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথম ম্যাচে ড্র করার পর ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। শেষ ষোলো নিশ্চিত করার পথে ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের চলমান আসরে ছোট-বড় অনেক দলই র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উত্থান-পতনের সাক্ষী হয়েছে। এখন দেখার বিষয়, র‍্যাঙ্কিংয়ে উন্নতির এই ইতিবাচক প্রভাব মাঠের পারফরম্যান্সে কতটা কাজে লাগাতে পারে ব্রাজিল।

প্রাইমটিভি/কেআর