দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। শিক্ষার্থীদের সেশন জট কমাতে এবং উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া ত্বরান্বিত করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সরকার। সম্ভব হলে ২০২৭ সাল থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর করা হতে পারে।

বর্তমানে প্রচলিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই এসব পরীক্ষা পিছিয়ে যায়, যার ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হতে দীর্ঘ সময় নষ্ট হয়। এই সমস্যা দূর করতেই শিক্ষাবর্ষের শেষ মাস হিসেবে ডিসেম্বরকে পরীক্ষার জন্য নির্দিষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আমরা যদি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারি, তবে জানুয়ারি থেকেই শিক্ষার্থীরা পরবর্তী ধাপে ভর্তি হতে পারবে। এতে দুই বছরের মধ্যে কারিকুলাম ও সিলেবাস সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আরও বলেন যে, নতুন এই পরিকল্পনায় শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি সম্পন্ন করে কোনো সেশন জট ছাড়াই বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করতে পারবে।

তবে এই নতুন সময়সূচি পুরোপুরি কার্যকর হওয়া নির্ভর করছে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস ও কারিকুলাম সংস্কারের ওপর। শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে, লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে এটি বাস্তবায়ন করা, যাতে শিক্ষার্থীরা আরও সুশৃঙ্খলভাবে তাদের শিক্ষাজীবন শেষ করতে পারে। দেশের শিক্ষাবিদরাও আবহওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করে এমন একটি স্থায়ী অ্যাকাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।