দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও স্থাপনা রক্ষণাবেক্ষণের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আজ সোমবার(১১ মে)মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছেন। অনেক বিদ্যালয়ের প্রাঙ্গণ ও ভবন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে জনমনে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

মন্ত্রণালয় থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এই নির্দেশনাগুলো নিজ নিজ এলাকার সকল বিদ্যালয়ে দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিচ্ছন্নতার ক্ষেত্রে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নত করতে এবং সরকারি সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।