৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

ছবি: সংগৃহীত- শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষার্থীদের মানসিক চাপ ও অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে থাকা অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।বুধবার (২০ মে) রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে একটি নির্দেশনা প্রকাশ করেছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় মনে করছে, বর্তমানে জেএসসি পরীক্ষা স্থগিত রয়েছে। তাছাড়া শিক্ষার্থীরা সাধারণত ষষ্ঠ শ্রেণিতে ভর্তি এবং পরবর্তীতে নবম শ্রেণিতে উঠে এসএসসি পরীক্ষার জন্য মূল রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকে। এমতাবস্থায়, মাঝপথে অষ্টম শ্রেণিতে আলাদাভাবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি করতে পারে। পাশাপাশি এটি অভিভাবকদের মধ্যেও এক ধরনের নেতিবাচক প্রভাব ও উদ্বেগের জন্ম দিতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসব বিষয় বিবেচনা করে শিক্ষার্থীদের কল্যাণে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অষ্টম শ্রেণির চলমান রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত বা বন্ধ রাখার জন্য চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









