১৫ বছরেও বিশ্ববিদ্যালয় ছাত্রী নাদিয়া হত্যার বিচার শেষ হয়নি

ছবি: সংগৃহীত- মামলা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন নাহার নাদিয়া হত্যাকাণ্ডের দীর্ঘ ১৫ বছর পার হলেও এখনো শেষ হয়নি মামলার বিচার প্রক্রিয়া। ২০১১ সালের ২৪ এপ্রিল স্ত্রীকে হত্যার পর লাশ গাড়িতে বসিয়ে গুম করার চেষ্টাকালে চালকের বুদ্ধিমত্তায় শাহবাগ থানায় ধরা পড়েন স্বামী সিকদার শফিকুর রহমান রেজা। পরবর্তীতে রেজা, তার ভাই ও মায়ের বিরুদ্ধে ডিবি পুলিশ চার্জশিট জমা দিলেও আসামিরা সবাই এখন জামিনে মুক্ত।
বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে স্থবির হয়ে আছে। ৪৬ জন সাক্ষীর মধ্যে মাত্র ৫-৬ জনের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, আসামিপক্ষ নানা টালবাহানায় সময়ক্ষেপণ করছে এবং আদালতের মালখানা থেকে মামলার গুরুত্বপূর্ণ আলামত (কাঠের বাতি ও টুকরো) নিয়ে তা গায়েব করে দিয়েছে। অন্যদিকে আসামিপক্ষের দাবি, বাদীপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় দেরি হচ্ছে।
মামলা পরিচালনাকারী আইনজীবী ফখরুল ইসলাম জানান, বারবার বিচারক পরিবর্তন, দীর্ঘ সময়ের ব্যবধানে আদালতের তারিখ পড়া এবং ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলার গতি আরও কমে গেছে। ২০১৭ সালে আসামিপক্ষের আবেদনে আদালত পরিবর্তনের পর আগের নেওয়া অনেক সাক্ষীকে আবারও জেরার মুখোমুখি করতে হচ্ছে। আগামী ১১ জুন মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









