২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

ছবি- সংগৃহীত
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার নির্ধারিত সময়সূচি পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী ৭ জানুয়ারি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। প্রয়োজন হলে অংশীজনদের সঙ্গে পুনরায় আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়েও জনমত বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমরা অংশীজনদের সঙ্গে আলোচনা করেই কাজ করছি। সবার মতামত নেওয়া হচ্ছে। এসএসসি পরীক্ষা নিয়ে জনমত জানতে আবারও বসতে পারি। রমজানের কারণে পরীক্ষা এক মাস এগিয়ে আনা হয়েছিল।”
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে রমজান মাসের কারণে সময়সূচিতে পরিবর্তন এনে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, “আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা শুরু করতে। কিন্তু রমজানের বিষয়টি বিবেচনায় এনে সময় এগিয়ে আনা হয়েছে। এখন অনেকেই বলছেন, রোজার পর পরীক্ষা শেষ করা হোক। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
সিলেবাস সম্পন্ন না করে কোনো পরীক্ষা নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
“সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের মতামত, কারিকুলাম এবং সিলেবাস—সবকিছু বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও জানান, সম্ভাব্য পরীক্ষার সময়সূচির আগেই সিলেবাস সম্পন্ন করা হবে এবং পরীক্ষার প্রস্তুতিতেও কোনো ঘাটতি থাকবে না। বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন।
সেশনজট কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করছেন, যা শিক্ষাজীবনে অপ্রয়োজনীয় বিলম্ব তৈরি করছে।
তিনি বলেন, “আমাদের ১৬ বছরের লেখাপড়া ১৭ বছরে যাচ্ছে, ১৭ বছরের লেখাপড়া ২০ বছরে যাচ্ছে। এই সময়ের ক্ষতি কমিয়ে আনতে হবে। তবে শিক্ষাব্যবস্থার যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে অংশীজনদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে চলমান আলোচনা ও মতামত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









