প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে, উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়া কমাতে সরকার স্কুল ড্রেস ও মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী জানান, বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের ড্রপ আউটের হার বেড়ে গিয়েছিল, তাই বর্তমান সরকার শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে স্কুল ড্রেস এবং চলতি বছরের মধ্যেই সারাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হবে। এছাড়া শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, শিশুদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই ক্রীড়া ও সংস্কৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আনন্দময়, সৃজনশীল ও মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।

প্রাইমটিভি/বিএম