২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

ছবি- সংগৃহীত
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
এসময় তিনি শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম) পরিমার্জনের জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী বছর চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
শিক্ষামন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে শিক্ষা খাতে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিস্তারিত তথ্য তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









