২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা

ছবি- সংগৃহীত
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে আবারও পরীক্ষা পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক পরীক্ষা নয়, বরং সীমিত পরিসরের একটি মূল্যায়ন হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখানে কোচিং সেন্টারনির্ভর প্রস্তুতির কোনো প্রয়োজন হবে না। ক্যাচমেন্ট এরিয়া এবং পরীক্ষার ফলাফলের সমন্বয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
তিনি আরও বলেন, অতীতে ভর্তি পরীক্ষার যে ব্যবস্থা ছিল, সেখানে নানা ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যেত। নতুন পদ্ধতিতে সেসব অনিয়ম দূর করে অধিকতর স্বচ্ছ ও কার্যকর ভর্তি ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা চালু করে। পরবর্তীতে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি অনুসরণ করা হয়।
এরপর করোনা মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। গত কয়েক বছর ধরে একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
তবে ছয় বছর পর আবারও ভর্তি পরীক্ষাভিত্তিক ব্যবস্থায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন ভর্তি নীতিমালার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন পদ্ধতির কার্যকারিতা অনেকাংশে নির্ভর করবে পরীক্ষার ধরন, মূল্যায়ন পদ্ধতি এবং ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








