একাধিক আন্তর্জাতিক পুরস্কার পাওয়া ‘লস্ট ল্যান্ড’ সিনেমার প্রিমিয়ার আজ ঢাকায়। সিনেমাটি বিকেল পাঁচটায় দেখা যাবে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়াম নুভেল ভাগে। আসনসংখ্যা সীমিত থাকায় ধারণক্ষমতা পূর্ণ হলে প্রবেশ বন্ধ রাখা হবে। প্রদর্শনীর পর থাকবে আলোচনা পর্ব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউএনএইচসিআর, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং ফরাসি দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে ফরাসি ও ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে।

জাপানি নির্মাতা আকিও ফুজিমোতো পরিচালিত এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে দুই রোহিঙ্গা শিশু সোমিরা ও তার ছোট ভাই শাফির বেঁচে থাকার সংগ্রাম। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে তারা বিপজ্জনক সমুদ্র ও স্থলপথ পাড়ি দিয়ে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে। পথে পাচারকারীদের ভয়, শোষণ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে চলে তাদের যাত্রা

আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে ছবিটি। সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের ‘গোল্ডেন ইউসর’ পুরস্কার জয়ের পাশাপাশি ভেনিস চলচ্চিত্র উৎসবের হরাইজনস বিভাগে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছে।

চলচ্চিত্রটির শুটিং হয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের শরণার্থীশিবিরে। রোহিঙ্গা অপেশাদার অভিনয়শিল্পীদের অংশগ্রহণ ছবিটিকে আরও বাস্তবধর্মী করেছে বলে মত সমালোচকদের। নির্মাতা ফুজিমোতো শিশুদের দৃষ্টিভঙ্গি থেকে বাস্তুচ্যুতির জটিল সংকট তুলে ধরে মানবিকতার বার্তা দিতে চেয়েছেন।