‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউড অঙ্গনে। গত বুধবার দুপুরে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

পরদিন বৃহস্পতিবার পরিচালকের মরদেহ রাখা হয় ‘পিস ওয়ার্ল্ড’-এ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশে থাকা মেয়ের দেশে ফেরার পর শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৯ মে) কলকাতার নন্দন চত্বরে নেওয়া হয় অনীক দত্তের মরদেহ। প্রিয় নির্মাতাকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় জমান সহশিল্পী, সহকর্মী ও অনুরাগীরা।

নন্দনের মূল ফটকের সামনে বড় ফ্রেমে রাখা হয় অনীক দত্তের ছবি। ফুলে ফুলে সাজানো হয় চারপাশ। পরে সেখানে পৌঁছায় তার মরদেহবাহী গাড়ি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রচণ্ড গরমের কারণে মরদেহ গাড়ি থেকে নামানো হয়নি। কেউ ফুল বা মালা দিতে চাইলে ছবির সামনেই শ্রদ্ধা জানানোর ব্যবস্থা রাখা হয়।

শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী লকেট চ্যাটার্জি, অভিনেত্রী অঞ্জনা বসু, পরিচালক সৃজিত মুখার্জি, প্রযোজক ফিরদৌসুল হাসান, অভিনেত্রী পাপিয়া অধিকারীসহ টালিউডের অনেক পরিচিত মুখ।

এদিকে শুরু থেকেই পুরো পরিস্থিতির তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন অভিনেতা ও সাংসদ রুদ্রনীল ঘোষ।

এর আগে অনীক দত্তের মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার মৃত্যুর ঘটনায় একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

প্রাইমটিভি/কেআর