সাকিবের বিরুদ্ধে হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ অভিনেত্রীর

ছবি: সংগৃহীত- অভিনেত্রী মোমিনা ইকবাল
পিএমএল-এন এর পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চাধারীর বিরুদ্ধে ব্ল্যাকমেল, হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল। গত ২২ মে লাহোরের চুং থানায় এই এফআইআর দায়ের করা হয়।
মামলার বিবরণী ও জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, এমপিএ সাকিব চাধারী মোমিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি ইতিমধ্যে দু'টি বিয়ে করেছেন জানতে পেরে মোমিনা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই এই আইনপ্রণেতা মোমিনা এবং তার হবু স্বামীকে ফোন ও হোয়াটসঅ্যাপে হুমকি এবং ব্ল্যাকমেল করা শুরু করেন। এমনকি মোমিনার বোনের ফোনেও হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
প্রথমে আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ তুললেও, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২১ মে জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থা উভয় পক্ষকে তলব করে মুখোমুখি বয়ান রেকর্ড করে। তবে সাকিব চাধারীর আইনজীবীর দাবি, তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং অভিযোগগুলো ভিত্তিহীন।
এদিকে ঘটনাটি রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ কড়া অবস্থান নিয়েছেন। তিনি এক্সে স্পষ্ট জানিয়েছেন, কোনো নারীর ব্যক্তিগত তথ্য বা কন্টেন্ট নিয়ে ব্ল্যাকমেলিং বরদাস্ত করা হবে না এবং এই মামলায় কোনো রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হলে কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









