অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, ফারুকীর কারণে অনেক শিল্পীর জীবন বিপর্যস্ত হয়েছে এবং তিনি নিজেও দেশে কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন।

লাইভে কান্নাজড়িত কণ্ঠে অরুণা বিশ্বাস বলেন, আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিয়েছে। সে মনে করছে সে জিতে গেছে, কিন্তু সে আসলে জিততে পারবে না। তিনি আরও অভিযোগ করেন, কাজের ক্ষেত্রে তাকে নানাভাবে বাধা দেওয়া হতো এবং ফারুকী অর্থ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতেন। এমনকি ফারুকীর স্ত্রীর আচরণ নিয়েও লাইভে অসন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী।

বর্তমানে কানাডায় অবস্থানরত অরুণা বিশ্বাস জানান, দেশের পরিস্থিতির কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। যদিও দেশ ছাড়ার পেছনে সরাসরি কোনো চাপের কথা তিনি অস্বীকার করেছেন, তবে পরিস্থিতির চাপে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু আমার মনে হয়েছে আমার চলে যাওয়া উচিত।

অভিনেত্রী স্পষ্ট করেন যে তিনি পালিয়ে যাননি; দীর্ঘ ৩০ বছর ধরে কানাডায় বসবাসের সুবাদে পাসপোর্ট থাকায় তিনি সেখানে ফিরে গেছেন। লাইভে তিনি এয়ারপোর্টে এক ব্যক্তির হয়রানিমূলক আচরণের কথাও তুলে ধরেন এবং এর বিচার দাবি করেন। এই অভিযোগের বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।