যানজটের চাপে ক্ষতিগ্রস্ত মানসিক স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত
শহরের বড় বড় রাস্তা, ফ্লাইওভার আর যানজট শুধু চলাচলের বাস্তবতা নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও হয়ে উঠছে এক নিরব হুমকি। নতুন এক গবেষণায় উঠে এসেছে, নগরের রাস্তার কাঠামো ও গাড়ির চাপ সরাসরি প্রভাব ফেলছে মানুষের মনে, এমনকি বাড়াচ্ছে মানসিক অসুস্থতার ঝুঁকিও।
যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি এর জনস্বাস্থ্য বিভাগের গবেষকরা সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা চালান। গবেষণার কেন্দ্র ছিল নিউইয়র্ক শহর। গবেষণায় দেখা যায়, শুধু বায়ুদূষণ বা শব্দদূষণ নয়, শহরের বড় রাস্তা ও যানবাহনের চাপ মানুষকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছে।
গবেষক জেইমি বেনাভিডেস জানান, যেসব এলাকায় গাড়ির আধিপত্য বেশি, সেখানে মানুষ একে অপরের সঙ্গে কম মেলামেশা করে। ফলে কমে যায় সামাজিক যোগাযোগ, দুর্বল হয়ে পড়ে পারস্পরিক সম্পর্ক। আর এই বিচ্ছিন্নতাই ধীরে ধীরে মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা বাড়িয়ে দেয়।
অন্যদিকে, যেসব এলাকায় হাঁটার উপযোগী রাস্তা, নিরাপদ পারাপার আর খোলা জায়গা বেশি, সেখানে মানুষ বেশি সময় বাইরে কাটায়। শিশুদের খেলাধুলা, প্রতিবেশীদের আড্ডা সব মিলিয়ে গড়ে ওঠে এক ধরনের সামাজিক বন্ধন, যা মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষকরা বলছেন, নগর পরিকল্পনায় শুধু যান চলাচলের সুবিধা নয়, মানুষের সামাজিক ও মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। নইলে আধুনিক শহরের উন্নয়নই হয়ে উঠতে পারে মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য বড় এক চ্যালেঞ্জ।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









