সড়ক দুর্ঘটনায় তেলুগু অভিনেতা ভারত কান্ত নিহত

ছবি: সংগৃহীত- অভিনেতা ভারত কান্ত
তেলেগু বিনোদন জগতের উদীয়মান অভিনেতা ও জনপ্রিয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ভারত কান্ত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। গত রবিবার (১০ মার্চ) ভোরে হায়দ্রাবাদের আউটার রিং রোডের আদিবাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ভারতের সঙ্গে তার বন্ধু তথা জনপ্রিয় সিনেমাটোগ্রাফার ও ইউটিউব শিল্পী জি সাই ত্রিলোকও প্রাণ হারিয়েছেন।
আদিবাতলা পুলিশের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার সময় ভারত কান্ত নিজেই গাড়ি চালাচ্ছিলেন। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ফলে তাদের গাড়িটি সামনে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
ভারত কান্ত তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিনেতা, নৃত্যশিল্পী এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ পরিচিত ছিলেন। তিনি ‘টেন্যান্ট’ এবং ‘গ্রামাম’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সোশ্যাল মিডিয়াতেও তার বিশাল জনপ্রিয়তা ছিল; ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়ে তার কয়েক হাজার অনুসারী রয়েছে। অন্যদিকে, জি সাই ত্রিলোকও ডিজিটাল প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রে একজন দক্ষ সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতেন।
প্রতিভাবান এই দুই তরুণ শিল্পীর এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তেলেগু চলচ্চিত্র অঙ্গন এবং সোশ্যাল মিডিয়া কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









