দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে রাজনৈতিক এই ঐতিহাসিক মুহূর্তের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি এবং তার রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সমুদ্র-সবুজ রঙের শাড়ি ও সোনালি কাজের ব্লাউজে হাজির হন তৃষা। চুলে সাদা গজরা ও রুবি পাথরের গয়নায় তাকে দেখা যায় বেশ আভিজাত্যপূর্ণ লুকে। অনুষ্ঠান শেষে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি লেখেন, “ভালোবাসা সব সময় উচ্চকিত।”

এই একটি বাক্য ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন, বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের মাঝেই এই বার্তাটি বিশেষ ইঙ্গিত বহন করছে।

তামিল রাজনীতিতে দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকে কেন্দ্রিক সমীকরণ ভেঙে বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগম (টিভিকে) এবারের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে। দলটি ১০৮টি আসনে জয়লাভ করে এবং আরও ১০টি আসনের সমর্থন নিয়ে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

শনিবার রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানান। পরদিন মাতৃদিবসে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ায় এটি বিজয়ের পরিবার, বিশেষ করে তার মা শোভা চন্দ্রশেখরের জন্য আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে। বিজয়ের বাবা ও প্রবীণ পরিচালক এস এ চন্দ্রশেখরও ছেলের এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন চলছে। বিশেষ করে বিজয়ের বিবাহবিচ্ছেদের খবর সামনে আসার পর সেই আলোচনা আরও তীব্র হয়। এর আগে একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একই গাড়িতে দেখা যাওয়ার ঘটনাও আলোচনায় আসে।

তবে ‘গিল্লি’, ‘কুরুভি’ ও ‘লিও’ সিনেমার জনপ্রিয় এই জুটি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। আর সেই নীরবতার মধ্যেই তৃষার সাম্প্রতিক পোস্ট নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

সূত্র: এনডিটিভি