বিশ্বখ্যাত স্প্যানিশ থ্রিলার সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’-এর ভক্তদের জন্য এক রোমাঞ্চকর খবর নিয়ে এসেছে নেটফ্লিক্স। ২০২১ সালে মূল সিরিজের সমাপ্তি ঘটলেও, সম্প্রতি স্পেনের সেভিলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন একটি টিজার প্রকাশের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে স্ট্রিমিং জায়ান্টটি।

এই বার্তাই ভক্তদের মনে জোরালো প্রশ্ন তুলেছে নেটফ্লিক্স কি তবে বহুল প্রতীক্ষিত ষষ্ঠ সিজন (পার্ট ৬) আনতে যাচ্ছে? নাকি প্রফেসর ও তার দলকে কেন্দ্র করে কোনো নতুন স্পিন-অফ তৈরি হবে? যদিও নেটফ্লিক্স এবং সিরিজের নির্মাতা অ্যালেক্স পিনা বিষয়টি নিয়ে এখনো রহস্য বজায় রেখেছেন, তবে তারা নিশ্চিত করেছেন যে ‘মানি হাইস্ট ইউনিভার্স’ আরও বড় হচ্ছে।

Money_Heist_11_05_2026-826x497

এই বড় ঘোষণার পাশাপাশি নেটফ্লিক্স আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে। জনপ্রিয় চরিত্র বার্লিনকে কেন্দ্র করে নির্মিত স্পিন-অফ সিরিজ ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন আগামী ১৫ই মে, ২০২৬ তারিখে মুক্তি পেতে যাচ্ছে।

এই সিজনে বার্লিন (পেদ্রো আলোনসো), কেইলা (মিশেল জেনার) এবং ড্যামিয়ান (ট্রিস্টান উল্লোয়া) তাদের নতুন মিশনে মালাগার ডিউকের মুখোমুখি হবেন। আট পর্বের এই সিজনটি বার্লিনের অতীতের আরও রোমাঞ্চকর গল্প উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

‘মানি হাইস্ট’ ইতিমধ্যে কোরিয়ান রিমেক এবং প্রিক্যুয়েল ‘বার্লিন’-এর মাধ্যমে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছে। এখন দেখার বিষয়, লাল পোশাকের সেই ডাকাত দল কি আবারও প্রফেসরের নির্দেশে নতুন কোনো অসম্ভব মিশনে ঝাঁপিয়ে পড়বে কি না।