কানের লালগালিচায় আলিয়া ভাট

ছবি: সংগৃহীত- লালগালিচায় আলিয়া ভাট
ফ্রান্সের কান সৈকতে বসেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। প্রতি বছরের মতো এবারও লালগালিচায় তারকাদের মেলা বসলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলিউডের দুই প্রজন্মের দুই তারকা—ঐশ্বরিয়া রাই ও আলিয়া ভাট। প্রায় দুই দশক ধরে কানের রেড কার্পেটে ভারতীয় গ্ল্যামারের সমার্থক হয়ে থাকা ঐশ্বরিয়াকে এবার আগের মতো দেখা না যাওয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
দীর্ঘ দুই দশক ধরে এই উৎসবের রেড কার্পেটে ভারতীয় গ্ল্যামারের প্রতীক ছিলেন ঐশ্বরিয়া রাই।ঐশ্বরিয়ার পরিবর্তে ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে নজর কেড়েছেন আলিয়া ভাট। তামারা রাল্ফের ডিজাইন করা পিচ রঙের পোশাকে আলিয়াকে স্নিগ্ধ দেখালেও, ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

২০০৪ সাল থেকে একটি আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে কান উৎসবে নিয়মিত মুখ ছিলেন ঐশ্বরিয়া। কিন্তু এবারের আসরে ফ্রান্সের বিখ্যাত ‘হোটেল মার্টিনেজ’-এ ব্র্যান্ডটির অ্যাম্বাসেডরদের তালিকায় ইভা লঙ্গোরিয়া বা হেলেন মিরেনদের পাশে ঐশ্বরিয়ার পরিবর্তে দেখা গেছে আলিয়া ভাটের পোস্টার। ২০২৫ সালে এই ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে চুক্তিবদ্ধ হওয়া আলিয়া এবারই প্রথম এর হয়ে কানের মঞ্চ মাতালেন।
লালগালিচায় আলিয়াকে রিয়া কাপুরের স্টাইল করা পিচ রঙের তামারা রাল্ফ গাউনে স্নিগ্ধ দেখালেও, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ভক্ত ঐশ্বরিয়ার অনুপস্থিতি মেনে নিতে পারছেন না, আবার কেউ কেউ ২০২৩ সালের মেট গালার সেই ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছেন যেখানে বিদেশি আলোকচিত্রীরা আলিয়াকে ভুল করে ‘ঐশ্বরিয়া’ বলে ডেকেছিলেন। সব মিলিয়ে, কানের আঙিনায় এবার ঐশ্বরিয়ার ‘আইকনিক’ যুগের অবসান আর আলিয়ার নতুন আধিপত্য নিয়ে সরগরম বলিপাড়া।
প্রাইমটিভি/ বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









