বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানাম সাঈদ-এর। তবে কেবল তারকা অতিথি হিসেবেই নয়, দক্ষিণ এশিয়ার শিল্প ও সংস্কৃতির প্রতিনিধি হিসেবে এই রাজকীয় মঞ্চে অংশ নেবেন তিনি। কানের ৭৯তম আসর আগামী ১২ থেকে ২৩ মে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, সিনেমা ও সৃজনশীল শিল্পে নারীদের অনন্য অবদানকে স্বীকৃতি দিতে ইউএস স্টুডিওসের বিশেষ উদ্যোগ ‘সাউথ এশিয়ান উইমেন এক্সেলেন্স ইন সিনেমা অ্যান্ড গ্লোবাল আর্ট’–এর প্রথম সম্মাননাপ্রাপক হিসেবে নির্বাচিত হয়েছেন সানাম সাঈদ।

এই মর্যাদাপূর্ণ কান সফরে গিয়ে পাকিস্তানের কিংবদন্তি অভিনেত্রী ও প্রথম নারী পরিচালক শামিম আরা-কে বিশেষ শ্রদ্ধা জানাবেন সানাম। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পুরুষশাসিত চলচ্চিত্র জগতে বেগম শামিম আরা নীরবে সবচেয়ে বড় বাধাগুলো ভেঙেছেন এবং ক্যামেরার পেছনে নারীদের জন্য নতুন পথ খুলে দিয়েছেন। তার প্রভাব উচ্চকণ্ঠ ছিল না, কিন্তু ছিল ভিত্তি গড়ে দেওয়ার মতো শক্তিশালী।’ আন্তর্জাতিক অঙ্গনে এই সম্মানকে সানাম সাঈদ এবং পাকিস্তানের শোবিজ ইন্ডাস্ট্রির জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

প্রাইমটিভি/বিএম